ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি জানতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।


এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে হাসপাতালটি পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও খালেদা জিয়ার খোঁজ নেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। করোনাকালে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তাঁর সাজা স্থগিত করা হয়। তবে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি।


বিগত বছরগুলোতে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান এবং চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার অংশ হিসেবে শেষবার ২৩ নভেম্বর সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।


ads
ads
ads

Our Facebook Page

↑